২০১৬ সালের মে মাসে কিং পাওয়ার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ট্রফি জয় ছিল ক্লাবটির ইতিহাসের শ্রেষ্ঠ দিন। আর গতকাল হাল সিটির বিপক্ষে ড্র-টি হয়ে থাকবে তাদের অন্ধকারতম দিনগুলোর একটি। প্রিমিয়ার লিগ জয়ের ঠিক ১০ বছর আর এফএ কাপ জয়ের মাত্র ৫ বছরের মাথায় চূড়ান্ত পতন। ক্লাবের ১৪২ বছরের ইতিহাসে এই প্রথম টানা দুইবার অবনমনের তেতো স্বাদ পাওয়া। লেস্টার সিটির চরম দুর্যোগের এক বিষাদময় অধ্যায়ই যেন রচিত হলো।
চ্যাম্পিয়নশিপে গতকাল হাল সিটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে লিগ ওয়ানে (তৃতীয় বিভাগ) নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি। প্রিমিয়ার লিগ জয়ের ঠিক ১০ বছরের মাথায় দলটির এমন বিদায়ে ক্ষুব্ধ সমর্থকরা ক্লাবের মালিকপক্ষের পদত্যাগ দাবি করেছেন এবং খেলোয়াড়দের মাঠ থেকে দুয়োধ্বনি দিয়ে বিদায় জানিয়েছেন।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নামা লেস্টার ফুটবল ইতিহাসের মাত্র পঞ্চম দল হিসেবে টানা দুইবার অবনমিত হয়ে সরাসরি তৃতীয় স্তরে পৌঁছাল।
লেস্টারের অবনমন হওয়া একরকম নিশ্চিতই ছিল। অবনমন ঠেকাতে হাতে থাকা তিন ম্যাচ জয়ের সঙ্গে অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হতো তাদের। তবে কাল পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থাকা হাল সিটির বিপক্ষে ড্রয়ের পর আর কোনো সমীকরণই থাকল না।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর জর্ডান জেমস ও লুক টমাসের দ্রুত দুই গোলে জয়ের স্বপ্ন জাগিয়েছিল গ্যারি রোয়েটের দল। কিন্তু দ্বিতীয়ার্থের মাঝামাঝি সময়ে সফরকারী দলের অলি ম্যাকবার্নির গোল সেই স্বপ্ন গুঁড়িয়ে দেয়। হাতে মাত্র দুই ম্যাচ বাকি থাকতে অবনমন অঞ্চল থেকে তারা এখন ৭ পয়েন্ট দূরে, যা আর ঘোচানো সম্ভব নয়।
লেস্টারের জন্য পুরো ২০২৫-২৬ মৌসুম ছিল এককথায় ভয়াবহ। লিগে ৪৪ ম্যাচে মাত্র ১১টিতে জয়ের দেখা পেয়েছে হামজা চৌধুরিরা। মৌসুমজুড়ে দলের ব্যর্থতা মেনে নিচ্ছেন লেস্টারের কোচ গ্যারি রোয়েট, ‘তিন-চার ম্যাচে কেউ অবনমন হয়ে যায় না, এটা পুরো মৌসুমের ফল। ক্লাবকে মেনে নিতে হবে যে এটি একটি ফুটবল ক্লাবের যাত্রার ভয়াবহ অংশ।’ তিনি আরও যোগ করেন, ‘বেশিদিন আগের কথা নয় যখন এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল। সেই বিশাল অর্জনের বিপরীতে আজকের এই ব্যর্থতা সমানভাবে হতাশাজনক।’
লেস্টারের সমর্থকদের মেজাজ ছিল তুঙ্গে। তারা ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের দুয়োধ্বনি দেয় এবং ম্যাচ শেষে ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও’ বলে চিৎকার করতে থাকে।
২০১৬-এর সেই রূপকথার পর ২০২১ সালে এফএ কাপ জয় এবং ইউরোপিয়ান কনফারেন্স লিগের সেমিফাইনালে খেলার মতো বড় সব অর্জন এখন ক্লাবটির জন্য কেবলই দূর অতীত। ২০২২-২৩ সালে অবনমন হওয়ার পর তারা পরের মৌসুমেই আবার প্রিমিয়ার লিগে ফিরেছিল। কিন্তু ২০২৪-২৫ মৌসুমটা ছিল দুঃস্বপ্নের মতো। কোচ স্টিভ কুপার বরখাস্ত হওয়ার পর রুড ফন নিস্টেলরয় দায়িত্ব নিলেও দলকে বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত অবনমনের অতল গহ্বরে তলিয়ে যাওয়া আটকাতে পারেনি ক্লাবটি।

অনলাইন ডেস্ক