মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ‘পুরোপুরি’ অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে ইরান মূলত এই সমুদ্রপথটি খুলে দিতে চায়, তবে আপাতত কেবল ‘মুখরক্ষা করতেই’ তেহরান এটি বন্ধ রেখেছে।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি তুলে ধরেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না। তারা চায় এটি খোলা থাকুক, যাতে প্রতিদিন সেখান থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হয়। প্রণালিটি বন্ধ থাকার কারণে তেহরান ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও তিনি জানান।
ট্রাম্প আরও বলেন, ইরান প্রণালিটি বন্ধ রাখার একমাত্র কারণ হলো যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি অবরোধ করে রেখেছে বা বন্ধ করে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে তারা এখন শুধুই নিজেদের মুখরক্ষার চেষ্টা করছে।
পোস্টে তিনি আরও দাবি করেন যে, চার দিন আগেই তাকে জানানো হয়েছিল ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পক্ষে। তবে এর পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি সেটি করতে দেয়, তবে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা সম্ভব হবে না—যতক্ষণ না পর্যন্ত তাদের দেশের বাকি অংশ এবং নেতাদের উড়িয়ে দেওয়া হয়। সূত্র: আলজাজিরা

অনলাইন ডেস্ক