প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ২:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর
অনলাইন ডেস্ক

জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সচিবালয়ে তিনি বলেন, ‘নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।’

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

মন্ত্রী আরও জানান, জ্বালানির দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভবিষ্যতেও পরিবহন ভাড়া সমন্বয় করা হবে। তবে স্থানভেদে বিদ্যমান সর্বনিম্ন ৮ টাকা ও ১০ টাকা ভাড়া বহাল থাকবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে রাজধানী ও বিভিন্ন জেলায় বাসভাড়ায় সামান্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জ্বালানির মূল্য সমন্বয়ের পর পরিবহন খাতে বাড়তি ব্যয় মোকাবিলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। ভাড়া বাড়ানোর দাবিতে কমিয়ে ফেলা হয় সড়কের গণপরিবহনের সংখ্যাও। ঢাকা মহানগরসহ বিভিন্ন সড়কে থামিয়ে রাখতে দেখা যায় বাসগুলোকে। ফলে গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

ভুক্তভোগীরা বলছেন, সুযোগ বুঝে বাস মালিকরা ভাড়া বাড়িয়ে নিয়েছেন। এর আগে প্রায় প্রতি মাসেই সরকার ডিজেলের দাম কমিয়ে দিত, তখন কখনোই ভাড়া কমানো হয়নি।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন