প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না: ডা. শফিকুর

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না: ডা. শফিকুর
অনলাইন ডেস্ক

জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ১ মে) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মালিক বাঁচলে শ্রমিক থাকবে এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত খতমের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘সবাই যদি নিজেদের দেয়া প্রতিশ্রুতির অন্তত দশভাগও বাস্তবায়ন করত, তাহলে শ্রমিকদের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে যেত।’

তিনি আরও বলেন, ‘শ্রমিক আন্দোলনের মাধ্যমে অনেক নেতা-নেত্রী নিজেদের স্বার্থ আদায় করে নেয়, কিন্তু সাধারণ শ্রমিকরা প্রাপ্য আদায় হয় না।’

দেশের শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বললেও প্রবাসী শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কেউ কথা বলে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় সমাবেশে তিনি শ্রমিকদের অধিকার, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। দূতাবাসগুলো শুধু কর্মকর্তা-কর্মচারীদের ভরণপোষণের জন্য নয়, বরং প্রবাসী শ্রমিকদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শ্রমিক দিবসের ১৪০ বছর পূর্তির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে সরকারি-বিরোধী দলের নেতারা শ্রমিকদের দুঃখ-দুর্দশা লাঘবের আশ্বাস দেন। এই ১৪০ বছরে দেয়া প্রতিশ্রুতির ১০ ভাগের ১ ভাগও যদি পূরণ করা হতো, তাহলে শ্রমিকদের আর কোনও দাবিদাওয়া থাকত না।’

সংসদীয় রাজনীতি সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘বিরোধী দল গালগল্প করতে বা ইতিহাসের শিক্ষক হতে সংসদে যায়নি। সেখানে বিরোধী দল গেছে দুঃখী মানুষের পক্ষে কথা বলতে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে এবং শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন