টানা কয়েকদিন ধরে দেশজুড়ে দাপটে রয়েছে বৃষ্টি। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে তীব্র কালবৈশাখীসহ কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টি হানা দিতে পারে।
মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ও ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এ ছাড়া, চলতি মাসে দেশে এক থেকে তিনটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র রূপ (৪০-৪১.৯° সে.) নিতে পারে।
একই সঙ্গে, চলতি মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি সমতল সময়-বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি ৭৫.৭ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অনলাইন ডেস্ক