পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। ৯ বছর পর পিএসএলের চ্যাম্পিয়ন হয়েছে তারা। শিরোপা জিতে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছেন বাবর-নাহিদরা।
শিরোপা জিতে ৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা পাচ্ছে দলটি । এছাড়াও পিসিবির ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা পাবেন ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার। নাহিদ-বাবরদের কাছে হেরে টুর্নামেন্টের রানার্সআপ হওয়া হায়দরাবাদ কিংসম্যান পাচ্ছে ৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা।
এছাড়াও ক্রিকেট উন্নয়নে কাজ করা সেরা ফ্র্যাঞ্চাইজির জন্য রয়েছে ২ লাখ মার্কিন ডলার পুরস্কার। এছাড়াও দেওয়া হয়েছে বেশকিছু ব্যক্তিগত পুরস্কার।
পিএসএলজুড়ে দারুণ পারফর্ম করা বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ৫৮৮ রান করে। জিতেছেন সেরা ব্যাটার ও হানিফ মোহাম্মদ ক্যাপ। তার তিন সতীর্থ জিতেছেন আরো তিন পুরস্কার। সেরা উইকেটরক্ষকের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির কুশল মেন্ডিস। সেরা ফিল্ডার হয়েছেন ফারহান ইউসুফ। সেরা অলরাউন্ডারের খেতাব জিতেছেন শাদাব খান। ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া পেশোয়ারের সুফিয়ান মুকিম জিতেছেন টুর্নামেন্ট সেরার খেতাব। ১৭ উইকেট শিকার করে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন হুনাইন শাহ।

অনলাইন ডেস্ক