প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ১১:৪২ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

গাজা যুদ্ধে কয়েক হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত!

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধ শুরুর প্রথম বছরে মানসিক অসুস্থতার কারণে ৭ হাজার ২৪০ জনেরও বেশি কর্মকর্তা ও সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, এই সংখ্যাটি দেশটির সামরিক ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

তবে সেনাবাহিনী এই বরখাস্তের প্রকৃত সংখ্যা এবং তথ্যাদি জনসাধারণের আড়ালে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

হারেৎজ-এর দাবি, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তথ্য অধিকার আইনের অধীনে সেনাবাহিনীর কাছে পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হলেও তারা তা প্রদানে অস্বীকৃতি জানায়। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ দিনের মধ্যে জবাব দেওয়ার নিয়ম থাকলেও সেনাবাহিনী তা লঙ্ঘন করে নীরবতা পালন করছে। কর্মী অধিদপ্তরের একজন রিজার্ভ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে সেনারা যে তীব্র মানসিক চাপের সম্মুখীন হচ্ছে, তা জনসমক্ষে আসুক, সেনাবাহিনী তা চায় না।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়া অনেক সেনা গুরুতর মানসিক সমস্যার কথা জানিয়ে যুদ্ধে ফিরতে অক্ষমতা প্রকাশ করেছেন। পরিস্থিতি মোকাবিলায় আইডিএফ মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপন করলেও ২০২৪ সালের শেষ পর্যন্ত ক্রমবর্ধমান আত্মহত্যার পরিসংখ্যান সরকারি প্রকাশনা থেকে গোপন রেখেছে।

সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের সূত্রগুলো মনে করছে, এই পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ পেলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা থেকেই তথ্য গোপন করা হচ্ছে। গত জুলাই মাসে হারেৎজ-এর অনুসন্ধান এবং একটি আইনি আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী শেষ পর্যন্ত যুদ্ধের প্রথম বছরের কিছু তথ্য প্রকাশ করতে বাধ্য হয়। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সেই সময়ে ৭ হাজার ২৪১ জন সেনাকে অব্যাহতি দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রকৃত সংখ্যাটি এর চেয়েও অনেক বেশি। সূত্র: আনাদোলু

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন