প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ১২:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬,১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী
অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১২৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৮টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন