বাঁ-হাঁটুর চোট কাটিয়ে অবশেষে নেটে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন বাবর আজম। তাতে সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের তারকা এই ব্যাটারের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
বাঁ-হাঁটুর চোটের কারণে মিরপুর টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক দ্রুত সেরে উঠছেন এবং দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’ দলের সূত্রের বরাতে জানিয়েছে, ব্যাটিং কোচ আসাদ শফিকের তত্ত্বাবধানে বাবর আজম দীর্ঘসময় ব্যাটিং সেশন করেছেন। এ সময় দলের ফিজিওথেরাপিস্ট এবং ট্রেনার তার শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখেন।
অনুশীলন চলাকালীন বাবরের মধ্যে কোনো অস্বস্তি দেখা যায়নি। এমনকি ৩১ বছর বয়সী ব্যাটার উইকেটের মধ্যে দৌড়ানোর (রানিং বিটুইন দ্য উইকেট) ড্রিলগুলোও বেশ স্বাচ্ছন্দ্যে করেছেন, যা তাঁর সুস্থ হয়ে ওঠার ইতিবাচক ইঙ্গিত।
আগামী ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, বাবরের ইনজুরি খুব একটা গুরুতর ছিল না। মূলত সতর্কতা হিসেবেই প্রথম টেস্টে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আরও জানা গেছে, বাবর নিজে দল থেকে বাদ পড়ার কোনো অনুরোধ করেননি; এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছিল।
বাবর আজম এখন উড়ন্ত ছন্দে আছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।

অনলাইন ডেস্ক