প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৫:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম।

আজ সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০০২-২০০৫ সালে বিএনপি সরকারের সময় পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল। সেই অনুযায়ী মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়েছিল। পরে পরবর্তী সরকার প্রকল্প বাস্তবায়ন করেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেগা প্রকল্পের আড়ালে বিগত সরকার ব্যাপক লুটপাট করেছে। তার দাবি, প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাশাপাশি ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে, যার মধ্য দিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে নেওয়া ১৬টি মেগা প্রকল্পে পুরো অর্থ ব্যয় হলেও বাস্তবে দৃশ্যমান কোনো কাজ হয়নি। অনেক ক্ষেত্রে ঠিকাদাররা টাকা নিয়ে চলে যাওয়ায় প্রকল্পের কাজ শুরু করাও সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছরের দুর্নীতি ও অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে অর্থায়নে অনাগ্রহ দেখাচ্ছে।

সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন