প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ২:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্–দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন বা এসি ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি প্রাথমিকভাবে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বায়ু চলাচল ও ভেন্টিলেশন ব্যবস্থায় অনিয়মের ইঙ্গিত পেয়েছে। আগামীকাল শনিবার (৩০ মে) পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় গত বুধবার (২৭ মে) সকালে। ওইদিন আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ১১ জন মা এবং ৬ নবজাতকের মধ্যে হঠাৎ করেই কয়েকজন শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এর আগে মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক প্রসূতি মা ঠাণ্ডা অনুভব করায় নার্সদের কাছে ওয়ার্ডের এসি বন্ধ রাখার অনুরোধ করেন। অনুরোধের পর প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। পরে আবার এসি চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতকের অবস্থার অবনতি ঘটে এবং তাদের দ্রুত এনআইসিইউতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয় এবং সকাল নাগাদ একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।ৎ

এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওয়ার্ডের এসি দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে পরিবেশগত পরিবর্তন শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত কমিটি।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের দাবি, যথাযথ নজরদারি ও দ্রুত পদক্ষেপ না নেওয়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ ঘটনায় দায়-দায়িত্ব এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন