প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

তৌহিদ আফ্রিদি আবার গ্রেফতার : এবার প্রতারণার মামলায়

অনলাইন ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইতিপূর্বে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় ।

সোমবার (১৫ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমানএর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন । আবেদনে বলা হয়, এই মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে আসামি তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। মামলাটির তদন্ত স্বার্থে আসামিকে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় একটি মামলা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এখানে উল্লেখ্য, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন