প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক

ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সব ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবো। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি কিংবা বিরোধীদল—সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের লড়াই হবে সব অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

নিজেদের রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরে শফিকুর রহমান আরও বলেন, কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না, জনগণের সাথে থেকে লড়াই চালিয়ে যাব।

সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান করছি। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবো, গণবিরোধী সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করবো।

দেশের বর্তমান পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি, আগের মতো অবস্থাতেই আছে- বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার দাবি, সরকার জনগণের মতামত উপেক্ষা করায় দেশ আগের অবস্থাতেই রয়ে গেছে।

শফিকুর রহমান বলেন, সরকার ৭০ ভাগ জনগণের দেওয়া গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। বিরোধীদল হিসেবে আমরা এ বিষয়ে জনগণের কাছে এসেছি। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা নিজেদের অধিকার আদায়ে অনড় থাকুন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গাইবান্ধা ও লক্ষীপুরের ঘটনা দুঃখজনক। স্বরাষ্ট্রমন্ত্রী সকল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই।

জামায়াত আমির বলেন, আমরা জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভেতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবো, গণবিরোধী যাই গ্রহণ করবে তার প্রতিবাদ করবো । সামর্থ থাকলে আমরা প্রতিহত করবো, ইনশা আল্লাহ। আমাদের এই প্রয়াস সংসদের ভেতরে ও বাইরে সমানতালে চলবে।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন