প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ১:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের মধ্যে পরপর সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে স্থানীয় সময় রাতে পরপর সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে, একটি জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। অন্যদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

এদিকে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

জেবেল আলি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে দুবাই সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সূত্র: এনডিটিভি

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন