প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ১১:৩০ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, আইনি লড়াইয়ের ঘোষণা খসরুর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে সদস্যপদ, ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধ চলছে। এসব বিষয় আদালত পর্যন্ত গড়ানোয় নির্ধারিত সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন সমিতির সদস্যরা।

এমন পরিস্থিতিতে সমিতির সাধারণ সদস্য ও ভোটারদের উদ্দেশে লিখিত বার্তা দিয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু।

খসরু দাবি করেন, প্রযোজক উজ্জ্বল হাইকোর্টে একটি রিট আবেদন করার পর আদালত নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন। তাঁর অভিযোগ, ওই রিটের উদ্দেশ্য ছিল সাধারণ সদস্যদের ভোটাধিকার খর্ব করে ভোটগ্রহণ ছাড়াই নির্বাচন সম্পন্ন করার সুযোগ তৈরি করা।

খোরশেদ আলম খসরু বলেন, একটি গণতান্ত্রিক সংগঠনে সদস্যদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে এবং সদস্যদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে সদস্যদের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করবেন তাঁরা। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

বার্তার শেষে সাধারণ সদস্য ও ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানান খসরু। তিনি বলেন, আইনের প্রতি আস্থা রেখে এগিয়ে গেলে সত্য ও গণতন্ত্রেরই বিজয় হবে।

দীর্ঘদিন ধরে নির্বাচনবিহীন অবস্থায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সদস্যপদ, ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা জটিলতার কারণে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ঘোষিত নির্বাচনও হাইকোর্টের আদেশে দুই মাসের জন্য স্থগিত হওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন