ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। গাছ লাগানোর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সামাজিক কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের সর্বস্তরের নেতাকর্মী ও চিকিৎসকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনলাইন ডেস্ক