প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মেটার নতুন সিদ্ধান্ত : দিনে মাত্র ২ ঘণ্টা ফেসবুক ব্যবহার করতে পারবে কিশোর-কিশোরীরা

থার্ডআই অনলাইন ডেস্ক

শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও সোশ্যাল মিডিয়া আসক্তি কমানোর এক বড় মামলার সমঝোতার অংশ হিসেবে এই কড়াকড়ি আনছে টেক জায়ান্ট মেটা। মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা দৈনিক মাত্র দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে।

কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনছে মেটা। অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার বন্ধ, স্কুল সময়ে নোটিফিকেশন নিয়ন্ত্রণ এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেটার নতুন নিয়ম অনুযায়ী, কিশোররা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকেরা প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে প্রয়োজন হলে অতিরিক্ত ব্যবহারের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটির ব্যবহার বন্ধ থাকবে। পাশাপাশি সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোনো নোটিফিকেশন পাঠানো হবে না।

দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলে কিশোরদের সতর্কবার্তাও দেখানো হবে। অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করার পাশাপাশি তাদের জন্য ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ নিয়ন্ত্রণে আরও ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরদের ফিডেও পরিবর্তন আনার পরিকল্পনা করেছে মেটা। ব্যবহারকারীর আগ্রহ ও অনলাইন কর্মকাণ্ড বিশ্লেষণ করে ব্যক্তিভিত্তিক কনটেন্ট দেখানোর পরিবর্তে তুলনামূলকভাবে সাধারণ ফিড দেখানো হতে পারে। পোস্টে লাইক দেওয়ার সংখ্যা গোপন রাখার পাশাপাশি কিছু ফিল্টার ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।

মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন বিধিনিষেধগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে। তবে বয়স যাচাই প্রযুক্তির কিছু পরিবর্তন বাস্তবায়নে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত ও মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করবে মেটা। সূত্র : ইন্ডিয়া টুডে

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন