প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৭:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

থার্ডআই অনলাইন/ আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত। হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা ড্রোন হামলার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৩ ডলারে ওঠে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রোববার হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। জুলাইয়ের শেষের পর এটিই ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত এক পোস্টে দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপ ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে’। তবে দ্বীপটিতে হামলা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পোস্টের সঙ্গে একটি এআই-নির্মিত ভিডিওও ছিল।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন