প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

থার্ডআই অনলাইন ডেস্ক

অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ভোলায় ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন। গতকাল শনিবার বিকেলে জেলার তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বেলা ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।

অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের পরিমাণ ৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সার ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন