প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

ভারতের কয়লা কোয়ারিতে মাটিচাপায় বাংলাদেশি নিহত

থার্ডআই অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা তোলার সময় মাটি ধসে ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইউনুস আলী (২২) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার সমিরউদ্দিনেরছেলে।

আজ ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিকদল সুরঙ্গপথে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে যায়। কয়লা সংগ্রহ শেষে বের হওয়ার সময় হঠাৎ ইউনুস আলীর ওপর মাটিধসে পড়ে। এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে ইউনুস আলীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

স্থানীয়লোকজন ও পরিবারের সদস্যরা দুপুরে গিয়ে অনেক চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে গুহার ভেতর থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার দরিদ্র শ্রমজীবী মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে কয়লা নিয়ে আসে। বিশেষ করে কিশোর ও যুবকদের সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গপথ দিয়ে ভারতের কয়লার গুহায় পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, ‘নিহত ব্যক্তির সঙ্গে থাকা অন্য বাংলাদেশী নাগরিকদের বিস্তারিত নাম ও ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় কিছু লোক গোপনে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গিয়ে কয়লা কোয়ারিতে কাজ করেন। যখন কোন দুর্ঘটনা ঘটে, তখন বিষয়টি জানাজানি হয়। নিহত ইউনুস আলী অবইধভাবে ভারতে অবস্থান করে কয়লা কোয়ারিতে কাজ করছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন