প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চরবাসীর জীবন বাঁচাতে চালু হচ্ছে ‘বোট অ্যাম্বুলেন্স’

থার্ডআই অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বোট অ্যাম্বুলেন্স প্রজেক্ট’ চালু হতে যাচ্ছে। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে চরের মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসির সভাকক্ষে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব ঠিক থাকলে চলতি অক্টোবর মাসেই এই বোট অ্যাম্বুলেন্স সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছেন। বিশেষ করে চর রাজিবপুর ও চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চরে লক্ষাধিক মানুষের বসবাস। একই সঙ্গে তারা চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকেও  বঞ্চিত।

তাদের অধিকাংশই কৃষি ও মৎস্যজীবী। দুর্গম চরাঞ্চলে পর্যাপ্ত ক্লিনিক বা স্বাস্থ্যসেবা না থাকায় অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। কিন্তু নদীপথে কয়েক ঘণ্টা নৌযাত্রা করে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

বক্তারা জানান, জরুরি সময়ে প্রসূতি মা ও শিশু, হৃদ্‌রোগে আক্রান্ত রোগী কিংবা স্ট্রোকের রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। ফলে অনেকেই বাড়িতে, নৌপথে কিংবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

চরাঞ্চলের মানুষের এই দুর্ভোগ কমাতে দ্রুত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বোট অ্যাম্বুলেন্স প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলের মানুষ জরুরি সময়ে দ্রুত ও নিরাপদে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর আহমেদ পাটোয়ারী, নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, নির্বাহী সদস্য সালেহ আহমদ মুকুল, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান

এছাড়াও  উপস্থিত ছিলেন, ডিপ্লোমেট পত্রিকার প্রকাশক নাজিনুর রহমান, নটরডেমিয়ান আব্দুল হান্নান, শুভংকর এবং বোট ম্যানুফ্যাকচার ফাইবার গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ অনেকে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন