প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দেশের প্রথম চারলেনের সাইকেল ট্র্যাক শুভ উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

থার্ডআই অনলাইন ডেস্ক

চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের ডেডিকেটেড সাইকেল ট্র্যাক আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত (ওয়েস্ট পয়েন্ট টার্নিং থেকে বাটারফ্লাই পার্ক) পর্যন্ত বিস্তৃত পরিবেশবান্ধব ট্র্যাকটির শুভ উদ্বোধন করা হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ২.২ কিলোমিটার।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই পরিবেশবান্ধব ট্র্যাকটির শুভ উদ্বোধন করেন।

তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি, শরীরচর্চার সুযোগ বাড়ানো এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই ফোর-লেন ট্র্যাকটি তৈরি করা হয়েছে। মূল সড়ক থেকে এটিকে কার্বস্টোন দিয়ে আলাদা করা হয়েছে এবং এর সাথে একটি মনোরম ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে ও দৃষ্টিনন্দন ফুটপাত রয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর-মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।

এ সময় তিনি সারাদেশে সাইকেল ট্র্যাক নির্মাণ এবং সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখার আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

সাইকেল ট্র্যাকটির দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। পাশাপাশি রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন