প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ৪:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড় ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট

থার্ডআই অনলাইন ডেস্ক

নরসিংদীর মাধবদীতে এক যুবদল নেতা মোবারক হোসেন(৫০) র বাড়ির প্রধান ফটকের সামনে সাদা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি প্রাণনাশের হুমকির চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন (৫০) আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে উদ্ধার করা আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবারক হোসেন জানান, ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোনে বিষয়টি জানার পর দ্রুত ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট উদ্ধার করে। রাত ১০টার দিকে আলামতগুলো থানায় নেওয়া হয়।

মোবারক হোসেনের অভিযোগ,চিরকুটে তাকে গালাগালি করা হয়েছে এবং আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রার্থী না হতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।

এ ঘটনায় মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোবারক হোসেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা যেন চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভুক্তভোগী যুবদল নেতা মোবারক হোসেন (৫০) নরসিংদীর মাধবদীর বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন