নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিন শুনানিতে অংশ নেন তিনি। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে মন্তব্য করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদনও আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
সেলিনা হায়াৎ আইভী এ মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তার পুনর্জামিনের আবেদন নিষ্পত্তির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। থানার মামলাটির নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরী ওসমান। এ ছাড়া এ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করে মোট ৯৯ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অনলাইন ডেস্ক