প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ । ৪:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নুসরাত ফারিয়া খুব শিগগিরই বিয়ে করছেন

থার্ডআই অনলাইন/ বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া খুব শিগগিরই বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে তিনি নিজের বিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনসঙ্গী নির্বাচন নিয়ে বিস্তারিত কথা বলেন।

দীর্ঘ সময় একা থাকার পর অবশেষে তিনি মানসিক প্রস্তুতি নিচ্ছেন এবং জীবনের এই পর্যায়ে এসে কিছুটা থিতু হতে চান বলে জানিয়েছেন।

দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২২ সালে অভিনেত্রী জানান, তাদের বিয়ে হচ্ছে না। এরপরও কয়েক বছর কেটে গেলেও আর নতুন জীবন শুরু করেননি ফারিয়া। তবে এবার বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমে ফারিয়া বলেন, নির্দিষ্ট বয়স বলতে আসলে কী বোঝায়? বয়সের চেয়ে ম্যাচিউরিটি বেশি গুরুত্বপূর্ণ, সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই। একা থাকা সহজ, কিন্তু সংসার করতে হলে বিশেষ বুদ্ধিমত্তা, ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন। জীবনসঙ্গী নির্বাচনের আগে মানুষটিকে ভালোভাবে চেনা, বোঝা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণও জরুরি।

ফারিয়া বলেন, বিয়ের সিদ্ধান্তও তখনই নেব, যখন মনে হবে জীবনের এই পর্যায়ে কিছুটা থিতু হতে চাই। আর বিয়ের পর আবার নতুন কোনো লক্ষ্যে ছুটতে ইচ্ছা করলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ছুটব। আশা করছি, এই মানসিক প্রস্তুতি খুব শিগগিরই চলে আসবে, তখন বিয়ে করব।

নুসরাত ফারিয়া, জানিয়েছেন, বর বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন। এই অভিনেত্রী বলেন, আমার কাছে বন্ধুত্ব সবচেয়ে জরুরি। দুজন মানুষের একে অপরকে ভালো লাগতে হবে, একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ পেতে হবে।

নুসরাত ফারিয়া আরও বলেন, জীবনে অনেক কিছু বদলে যাবে, সন্তান বড় হয়ে নিজের পথে চলে যাবে; দিন শেষে দুজন মানুষই একসঙ্গে থাকবে। তাই সারা জীবন যার সঙ্গে থাকতে ভালো লাগে, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি। ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি ভালো লাগা ও বন্ধুত্বও থাকতে হবে।

বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান নির্মিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন।

তবে একটি গান তৈরির পরিকল্পনা করছেন নির্মাতা মেহেদী হাসান। এটি শেষ হলে সিনেমাটির ক্যামেরা বন্ধ হবে।

আবদুল আজিজের গল্প নিয়ে ‘লজ্জা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করছেন নুসরাত। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ করেছেন। তা ছাড়া একাধিক ওয়েব ফিল্ম ও সিনেমার কাজ হাতে নিয়েছেন এই অভিনেত্রী।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন