প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ৬:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৯৯৯ টাকা দেনমোহর : অভিনেতা সুজাত শিমুল ও অভিনেত্রী জান্নাতুন নেছা

থার্ডআই অনলাইন ডেস্ক

মঞ্চ ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল এবং থিয়েটার ও আবৃত্তিকর্মী জান্নাতুন নেছা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

শনিবার (২৪শে অক্টোবর)সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং লেখক-সাংবাদিক আনিসুল হক উপস্থিত ছিলেন।

সামাজিকভাবে প্রচলিত লাখ লাখ টাকার দেনমোহরের রীতির বাইরে গিয়ে কেন এই ব্যতিক্রমী “৯৯৯ টাকা” বেছে নিলেন, সে বিষয়ে অভিনেতা সুজাত শিমুল বেশ কিছু চমৎকার ও গভীর ভাবনার কথা জানিয়েছেন।

সুজাত শিমুল বলেন, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

নিজের ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের পেছনের ভাবনাও জানিয়েছেন সুজাত। তার ভাষ্য, ‘আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্যদিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইন ধারণাটা আসে।’

দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার পেছনে আরও একটি বার্তা দিতে চেয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা- এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস- ৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’

সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ আরও অনেকে।

নতুন জীবনের শুরুতে দাম্পত্য সুখ ও সবার দোয়া চেয়েছেন অভিনেতা। ডিসেম্বরের বড় আয়োজন ঘিরেও এখন অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন