প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ । ১১:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সমু চৌধুরীকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার : অভিনয়শিল্পী সংঘের ব্যাখ্যা

থার্ড আই রিপোর্ট/আরএম

অভিনয়শিল্পী সংঘের সিনিয়র সদস্য এবং জনপ্রিয় শক্তিমান অভিনেতা সমু চৌধুরী একটি মাজারে অবস্থানের ‍কিছু ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দিনব্যাপী একধরনের বিভ্রান্তি তৈরি হয়। একজন শিল্পীর ব্যক্তিগত মুহূর্তকে ঘিরে শুরু হয়ে যায় বিভিন্ন রকম সামাজিক বিচার এবং অবাধ সোশ্যাল ট্রায়াল, যা অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর বলে বিস্তারিত ব্যাখ্যা করেছে অভিনয়শিল্পী সংঘ।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অভিনয়শিল্পী সংঘ দ্রুততার সঙ্গে শিল্পীর খোঁজখবর  নেয় এবং নিশ্চিত হয় যে সমু চৌধুরী সুস্থ আছেন। তবে ঘটনাস্থলে ভিড়, ক্যামেরা ও অনলাইন লাইভের ভিড়ে সমু চৌধুরী স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছিল এবং তিনি অনাকাঙ্ক্ষিত ভাবে ‘ভাইরাল’ হয়ে যাচ্ছিলেন।

এরই প্রেক্ষিতে সংঘের একজন স্থানীয় সহকর্মীকে দ্রুত সেখানে পাঠানো হয় এবং স্থানীয় প্রশাসন ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে তাকে সেখান থেকে সরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। সংঘের পক্ষ থেকে সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল মাজারে পৌঁছান এবং প্রায় মধ্যরাতে তার পরিবারও সেখানে যোগ দেয়। এরপর সমু চৌধুরী পরিবার ও সংঘের সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরে আসেন ।

ঢাকায় প্রাথমিক কিছু কাজ সেরে পুনরায় যশোরে মায়ের কাছে রওনা দেন সমু চৌধুরী । বর্তমানে তিনি যশোরে আছেন এবং সুস্থ্য আছেন।

অভিনয়শিল্পী সংঘ আরো জানায়, একজন শিল্পীর ব্যক্তিগত মুহূর্ত ও মানসিক অবস্থাকে ঘিরে গুজব ছড়ানো ও অহেতুক বিতর্ক তৈরির সংস্কৃতি শিল্পী সমাজ ও মানবিক মূল্যবোধ—দুটোরই পরিপন্থী। এ ধরনের সংবেদনশীল মুহূর্তে শালীনতা ও সহমর্মিতা জরুরি বলে দাবী করেন।

তারা আরো জানান, অভিনয়শিল্পী সংঘ সবসময় শিল্পীর পাশে আছে, থাকবে। সমু চৌধুরীর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যেভাবে পরিবার ও শিল্পী সমাজ একসঙ্গে এগিয়ে এসেছে, তা তাদের একতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারা দৃঢতার সাথে আরো বলেন, আমরা সবাই তাঁর সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের জন্য শুভকামনা জানাই। জয় হোক শিল্পীর, জয় হোক শিল্পের, জয় হোক অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন