প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ১১:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

এনসিপিতে যোগ দিলেন আপ বাংলাদেশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

এনসিপিতে যোগ দিলেন আপ বাংলাদেশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন আপ বাংলাদেশসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ নেতাকর্মী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নেতারা দলটিতে যোগদান করেন।

এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন- আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও দফতর সম্পাদক শাহাদাত হোসেন।

নতুন রাজনৈতিক দলটিতে আরও যোগ দিয়েছেন, শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে।

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন বিকেলে তাদের নাম লিখিত আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, কে আগে কোন দল বা সংগঠন করে এসেছে দেখার বিষয় না। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ ইভেন ছাত্রলীগ হোক; আজকে থেকে যে এনসিপিতে এসেছে, সে এনসিপির হয়ে কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ-এইসব ব্যক্তিরা এনসিপিতে আসতে পারবে না, থাকতে পারবে না।

তিনি আরও বলেন, যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণা করে আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাতে চাই।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন