প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সৌদি থেকে চট্টগ্রামে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল
অনলাইন ডেস্ক

দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৩টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, হরমুজ প্রণালি এড়িয়ে ভিন্ন রুটে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। এতে এক লাখ টন ক্রুড অয়েল রয়েছে। জাহাজটি ১৩ থেকে ১৪ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

তিনি জানান, ক্রুড অয়েল সংকটের কারণে ১৩ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে। নতুন চালান পৌঁছানোর পর ইউনিটটি আবার সচল করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। সর্বশেষ অপরিশোধিত তেলের চালান দেশে আসে গত ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে এনে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়।

এ ছাড়া চাহিদা পূরণে ভারত ও চীন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন