প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তাসনিম জারা লেখেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে, সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও জানান, কোন দল থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তা তিনি উল্লেখ করেননি।

তাসনিম জারা বলেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে ঐকমত্য কমিশনে তিনি মত দিয়েছিলেন যে সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। এ বিষয়ে তিনি যুক্তি তুলে ধরেছেন এবং ক্যাম্পেইনও করেছেন বলে জানান।

তিনি বলেন, এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।

সংরক্ষিত আসনে যারা এমপি হচ্ছেন, তাদের সফলতা কামনা করে তিনি বলেন, আজ যারা সংসদে যাচ্ছেন তাদের নিয়ে তার কোনো নেতিবাচক মন্তব্য নেই। তারা যোগ্য মানুষ এবং সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংরক্ষিত আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, যিনি জনগণের ভোটে নির্বাচিত হন তিনি ভোটারদের কাছে জবাবদিহি করেন, প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিতদের ক্ষেত্রে সেই জবাবদিহির কাঠামো থাকে না। তার মতে, এটি ব্যক্তির নয়, বরং কাঠামোগত দুর্বলতার বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সরাসরি ভোটের মাধ্যমে আসা উচিত।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং অল্প সময়ের প্রচারণায়ও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন। তবে নির্বাচনে অনিয়ম হয়েছিল বলে দাবি করেন তিনি, যদিও ফলাফল তিনি মেনে নিয়েছেন।

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। পরে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন