দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার কাউকা অঞ্চলে প্যান-আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং পাঁচজন নাবালকসহ ৩৮ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) কাউকা অঞ্চলের কাজিবিওর এল টানেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই প্রাণঘাতী ঘটনার পর ওই অঞ্চলের কর্তৃপক্ষ সরকারিভাবে কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান বেসামরিক নাগরিকদের ওপর চালানো এই হামলাকে ‘নির্বিচার’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির বিরুদ্ধে সরকারের কাছে ধারাবাহিক পদক্ষেপের দাবি জানান। সামাজিক মাধ্যমে গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স, দুমড়ানো-মুচড়ানো যানবাহন এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা যায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও এই হামলার কঠোর নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী’ বলে অভিহিত করেছেন।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে একটি সুস্পষ্ট ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই হামলার জন্য কলম্বিয়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ‘ইভান মোরডিস্কো’-এর নেটওয়ার্ক এবং হাইমে মার্তিনেজ গোষ্ঠীকে দায়ী করেছেন। এরা মূলত ২০১৬ সালে সরকারের সাথে যুগান্তকারী শান্তি চুক্তি স্বাক্ষরকারী বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী ফার্ক (FARC)-এর ভিন্নমতাবলম্বী অংশ।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় সরকারি অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জেনারেল লোপেজ জানান, গত দুই দিনে ওই অঞ্চলে অন্তত ২৬টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জামুন্ডিতে পুলিশ স্টেশনে গোলাগুলি, এল টাম্বোতে রাডার স্থাপনায় ড্রোন হামলা এবং কালি ও পালমিরায় সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা বিস্ফোরণের মতো ঘটনা রয়েছে। কাওকা এবং ভ্যালে দেল কাওকা মূলত মাদক পাচারকারী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বেআইনি কার্যকলাপের একটি প্রধান কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ অপরাধীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে, ভিন্নমতাবলম্বী গোষ্ঠীর নেতা ও এসব হামলার নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে সরকার ইতিমধ্যে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে। সূত্র: আলজাজিরা

অনলাইন ডেস্ক