একের পর এক হারে ক্লান্ত-বিধ্বস্ত শেষ পর্যন্ত কোচের বিদায়—সবকিছু মিলিয়ে তপ্ত রোদে এক পশলা স্বস্তির বৃষ্টির খুব প্রয়োজন ছিল চেলসির। অবশেষে সংকটের কালো মেঘ সরিয়ে যেন একটুখানি সোনালি রোদের দেখা পেল ‘ব্লুজরা’। চরম এক অস্থির সময়ে ঘাম ঝরানো এক জয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করল চেলসি।
ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমি ফাইনালে আজ লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চেলসি। ক্লাবটির জয়ে নায়ক এনজো ফার্নান্দেস। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডারের একমাত্র গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
আগামী ১৬ মে ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি। দ্বিতীয় স্তরের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে পেপ গার্দিওলার দল। আটবারের এফএ কাপ জয়ী চেলসি এই নিয়ে ১৭ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল। ২০২২ সালে লিভারপুলের কাছে হারের পর এটাই তাদের প্রথম এফএ কাপ ফাইনাল।
ব্রাইটনের কাছে ৩-০ গোলের হারের পর মাত্র চার দিন আগেই ছাঁটাই হন চেলসির কোচ লিয়াম রসেনিয়র। এরমধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চেলসি তাদের শেষ আট ম্যাচের সাতটিতেই হার দেখে—যার মধ্যে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে তারা কোনো গোলই করতে পারেনি। তবে এফএ কোয়ার্টার ফাইনালে লিগ ওয়ানের দল পোর্ট ভেলকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী করে অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে এই প্রতিযোগিতার ফাইনালে চলে গেল চেলসি।
চলতি মৌসুমে চেলসির বিপক্ষে অপরাজিত ছিল লিডস ইউনাইটেড। অ্যালান্ড রোডে ৪-১ গোলের বিশাল জয়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি দেখায় ২-২ গোলে ড্র করেছিল তারা। এফএ কাপের সেমিফাইনালেও তাদের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়েছে লিডস। ম্যাচে ৫৪ শতাংশ বল পজিশনে রাখা চেলসি মোট সাতটি শট নিয়ে দুইটি লক্ষ্যে রাখে। বিপরীতে ১০টি শট নেওয়া লিডস গোলমুখে শট রেখেছে তিনটি।
ম্যাচের শুরুটা লিডস বেশ উজ্জ্বলভাবে করে। ৪ মিনিটে আও তানাকার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়, দুই মিনিট পরই লিডসের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রেন্ডন অ্যারনসন চেলসির গোলকিপার রবার্ত সানচেজকে একা পেয়েও গোলবঞ্চিত হন। দুর্দান্ত এক সেভে তাকে ঠেকিয়ে দেন সানচেজ। বিপরীতে ধীরে ধীরে বলের দখল এবং মাঠের নিয়ন্ত্রণ নিতে শুরু করে চেলসি।
প্রথামার্ধে কমবেশি গোলের সুযোগ এসেছিল এনজো ফার্নান্দেজ, পেদ্রো নেতো এবং আলেহান্দ্রো গারনাচোর। জোয়াও পেড্রোর শট পোস্টের একদম কোণায় লাগে। পেড্রোর সেই শট পোস্টে লেগে ফিরে আসার এক মিনিটেরও কম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেই গোলটি পায় চেলসি। নেতোর নিখুঁত এক ক্রস ধরে কাছ থেকে হেডে বল জালে জড়ান ফার্নান্দেস।
দ্বিতীয়ার্ধে সমতা সূচক গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায় লিডস। চেলসির গোলকিপার সানচেজকে কঠিন পরীক্ষা দিতে হয় তাদের একের পর এক আক্রমণের ঢেউ সামাল দিতে। এরমধ্যে চোট পেয়ে চেলসির গোলকিপার সানচেজ খানিকটা সময় চিকিৎসার নেন। তবে লিডস দাবি করে যে, চেলসিকে কৌশলগত বিরতি দেওয়ার জন্য স্প্যানিশ এই গোলরক্ষক চোটের নাটক করছেন। এ নিয়ে টাচলাইনের ধারে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতিও শুরু হয়।
ম্যাচের শেষ দিকে তানাকা এবং বদলি নামা লিডসের মিডফিল্ডার এন্টন স্ট্যাচ দুজনেই বল জালে জড়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে দাঁতে দাঁত চেপে জাল অক্ষত রাখে চেলসির দৃঢ রক্ষণভাগ। ফলে ১৯৮৭ সালের পর এফএ কাপে লিডসের সেরা যাত্রা সেমিফাইনালেই শেষ হলো। অন্যদিকে গত কয়েক সপ্তাহের চরম হতাশায় নিমজ্জিত ব্লুজ সমর্থকদের মনে অবশেষে কিছুটা স্বস্তির সুবাতাস বইল।

অনলাইন ডেস্ক