প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ১২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক

রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত সত্য উন্মোচন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তার প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা এখন সময়ের দাবি। দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এক জঘন্যতম ঘটনা।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিচার সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো যেমন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হচ্ছে। কোনো সভ্য রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি কাম্য হতে পারে না।

বিবৃতিতে তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ ও প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

পরিশেষে তিনি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন