প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ১২:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর

রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর
অনলাইন ডেস্ক

সৌদি প্রো লিগে নিজের শততম গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোল আর সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে আল শাবাবকে সহজেই হারিয়েছে রিয়াদের ক্লাবটি। এই জয়ে শিরোপার আরও কাছে আল নাসর।

বৃহস্পতিবার রাতে আল নাসরের জয় ৪-২ ব্যবধানে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা। যদিও নাসরের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে আল হিলাল।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল আল নাসর। খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন জোয়াও ফেলিক্স। বিরতির আগে ইয়ানিক কারাসকো আল শাবাবের হয়ে একটি গোল শোধ করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে।

তবে ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আল নাসরকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। সৌদি প্রো লিগে এটি ছিল রোনালদোর ১০০তম গোল, ক্যারিয়ারের ৯৭১তম এবং চলতি লিগ মৌসুমের ২৬তম গোল।

ম্যাচের ৮০ মিনিটে আলি আল-বুলাইহির গোলে আল শাবাব ব্যবধান ৩-২ এ কমিয়ে আনলে ম্যাচ কিছুটা জমে ওঠে। তবে ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আল নাসরের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ফেলিক্স।

এই জয়ের ফলে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।

শিরোপার ভাগ্য ঝুলে আছে আগামী ১২ মে এর বড় ডার্বির ওপর। সেদিন আল নাসর মুখোমুখি হবে আল হিলালের। ওই ম্যাচটি জিতলেই ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর নিজের প্রথম বড় ট্রফি জয় প্রায় নিশ্চিত করে ফেলবেন রোনালদো।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন