প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২৬ । ১১:৪৫ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপে অংশ নিতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের

বিশ্বকাপে অংশ নিতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের
অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর একমাস বাকি। বৈশ্বিক এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। বাড়তে থাকা উত্তেজনার মাঝে ফিফা এবং আয়োজক দেশগুলোর কাছে একগুচ্ছ নিশ্চয়তা দাবি করেছে তারা। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, নিজেদের বিশ্বাস ও সংস্কৃতিতে অটল থেকেই তারা বিশ্বমঞ্চে লড়তে চায়।

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) প্রধান মেহেদি তাজ ফিফাকে ১০টি শর্ত সংবলিত একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। গত মাসে ফিফা কংগ্রেসে তাজকে কানাডায় প্রবেশের অনুমতি না দেওয়ার পর এই দাবিগুলো সামনে এলো।

শনিবার প্রকাশিত বিবৃতিতে অন্যতম প্রধান দাবি হিসেবে বলা হয়েছে—দলের সঙ্গে ভ্রমণকারী সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের ভিসার গ্যারান্টি দিতে হবে। বিশেষ করে যারা ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এ সামরিক সেবা দিয়েছেন, তাদের প্রবেশাধিকার নিয়ে কোনো বাধা থাকা চলবে না।

এছাড়া ইরান তাদের জাতীয় দলের প্রতি সম্মানজনক আচরণ, ইরানি পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।

তেহরানের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন খেলোয়াড়দের কেবল ফুটবল সংক্রান্ত প্রশ্ন করা হয়, রাজনৈতিক কোনো বিষয় নয়।

ইরানের এই দাবিগুলোর সবকটি পূরণ করা ফিফার জন্য সহজ হবে না। ফিফা টুর্নামেন্টের লজিস্টিকস, প্রটোকল এবং দলগুলোর দেখভালের তদারকি করতে পারলেও ভিসা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা যাচাইয়ের মতো বিষয়গুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এখতিয়ারে থাকে, ফিফার নীতিমালায় নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে জানিয়েছেন, ইরানি ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকা কাউকে তাদের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতে হামলা করে। বর্তমানে একটি চুক্তির অধীনে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত রয়েছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। নির্ধারিত সূচী অনুযায়ী তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।

১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন