আগামীকাল রোববার (১৪ জুন) রাত চারটায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কো । এবারের বিশ্বকাপ ফুটবলের এটিই প্রথম বড় ম্যাচ। কাতার বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বের মন জিতে নিয়েছিল আফ্রিকার দেশটি। ধারে-ভারে ব্রাজিলের থেকে কম হলেও মরক্কোকে হাল্কাভাবে নেওয়ার যাবে না বলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
কয়েকটি বিশ্বকাপের ব্যর্থতা কাটাতে ১৯২৫ সালের পর প্রথম কোনো বিদেশি কোচকে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আনচেলত্তি এসে ব্রাজিলের খেলার ধরনও বদলেছে। ব্রাজিলের শৈল্পিক ফুটবলের পাশাপাশি ইউরোপিয়ান ঘরানার গতিময় ও পাওয়ার ফুটবলের মিশ্রণ এবারের ব্রাজিল।
দলে একঝাঁক তারকা ফুটবলার থাকলেও ব্রাজিলের প্রথম একাদশ কেমন হবে, কোন ফর্মেশনে কোচ কার্লো আনচেলত্তি দলকে খেলাবেন তা নিয়ে কৌতুহল রয়েছে ফুটবলপ্রেমীদের কাছে। বাস্তববাদী কোচ আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে আসার পর থেকেই ৪-২-৪ এবং ৪-৩-৩ এই দুই ফর্মেশনের মধ্যে অদলবদল করে দল খেলাচ্ছেন। তবে মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ দেখে মনে হচ্ছে, বিশ্বকাপে ৪-৩-৩ ফর্মেশনটিই বেশি দেখা যেতে পারে।এই ছকে মাঝমাঠের মূল কাণ্ডারি হিসেবে একক ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবেন ক্যাসেমিরো।
আর তাঁর একটু সামনে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাবে ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতাকে। আক্রমণভাগের বাঁ প্রান্তে থাকবেন গতিময় ভিনিসিয়ুস জুনিয়র এবং সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ইগর থিয়াগো। তবে নেইমার যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, কিংবা কুনিয়াকে খেলানো হয়, তবে দল ৪-২-৪ ফর্মেশনেও চলে যেতে পারে। সেক্ষেত্রে রক্ষণভাগের মূল ভরসা হবেন দুই অভিজ্ঞ সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনহোস। আর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীমত থাকবে দুর্দান্ত অ্যালিসন।
এখন দেখার বিষয় আমেরিকার মাটিতে ফের একবার ব্রাজিলের ভাগ্য সাথ দেয় কিনা তার উত্তর দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকরা।

অনলাইন ডেস্ক