প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৪:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

যুদ্ধবিরতির আশ্বাস দেওয়া হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা

অনলাইন ডেস্ক

যুদ্ধ বিরতির আশ্বাস দেওয়া হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা করেই চলেছে।

আজ শনিবার সকালে দক্ষিণ লেবাননের ২০টি শহর ও গ্রাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এর ঠিক কিছুক্ষণ আগেই ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকাগুলো থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার এক জরুরি নির্দেশ জারি করে।

ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে নাবাতিয়েহ ও জিজিন জেলার ২০টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) নিশ্চিত করেছে যে, ইসরাইলি সেনাবাহিনীর উচ্ছেদ আদেশের পরপরই নাবাতিয়েহ শহরের কাছাকাছি অবস্থিত রিহান এবং সুজুদ গ্রামসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়। মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সকালের দিকে হঠাৎ করেই টায়ার এবং নাবাতিয়েহ জেলার দুটি শহরে বিমান হামলা শুরু করে ইসরাইল ।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান,    নির্বাহী সম্পাদক : অনজন রহমান,                                    নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন