প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

গুগলের আয়োজনে বাংলাদেশের শাড়ি-পাঞ্জাবি-লুঙ্গি

অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী গুগলের আন্তর্জাতিক আয়োজনে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি পরে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। গুগলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের এই ঐতিহ্যবাহী বাঙালি পোশাক বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বব্যাপী তুলে ধরার এক অনন্য বার্তাও দিয়েছে।

তাদের এই যাত্রা শুধু গুগল ম্যাপসে পথ দেখানোর গল্প নয়; এটি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরারও এক অনন্য উদাহরণ।

গুগল লোকাল গাইডস একসময় “মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার” শিরোনামে এই দম্পতিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তাদের দাম্পত্য জীবনের পাশাপাশি সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং গুগল ম্যাপসের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের উপকারে অবদানের গল্প তুলে ধরা হয়।

তাদের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গুগল ম্যাপস অবদানকারীদের সম্মেলন কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬-এ অংশ নেওয়ার জন্য দুজনই পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন।

বাংলাদেশে একটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে প্রথম পরিচয় হয় পাভেল ও সুমাইয়ার ২০১২ সালে । পাভেলের ভাষায়, সেটি ছিল তাদের ‘প্রথম দেখাতেই ভালোবাসা’। বিয়ের পর ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য পাভেল চলে আসেন মালয়েশিয়ায়। অন্যদিকে, সুমাইয়া বাংলাদেশে থেকে উদ্যোক্তা, কমিউনিটি লিডার ও সমাজকর্মী হিসেবে কাজ চালিয়ে যান। দুই দেশে অবস্থান করলেও গুগল লোকাল গাইডস কমিউনিটিকে ঘিরেই তাদের বন্ধন আরও দৃঢ় হয়।

প্রযুক্তি পেশাজীবী পাভেল সারওয়ার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট-এ অংশ নেন। পরে তাকে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওতেও তুলে ধরা হয়। ২০২১ সালে তিনি কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ২০২৫ সালে কানেক্ট লাইভ টোকিও-তেও অংশ নেন।

পাভেল ও সুমাইয়ার কাছে গুগল ম্যাপস এবং লোকাল গাইডস শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, বরং এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। নতুন জায়গা ঘুরে দেখা, ভ্রমণের পরিকল্পনা, রিভিউ লেখা, ছবি ও ভিডিও আপলোড করা এবং মানচিত্র হালনাগাদ সবকিছুই তারা করেন মানুষের উপকারের লক্ষ্য নিয়ে।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত এই দম্পতি বিশ্বের বিভিন্ন দেশের নতুন লোকাল গাইডদের অনুপ্রাণিত করে চলেছেন। তাদের বিশ্বাস, একটি তথ্যসমৃদ্ধ রিভিউ, একটি সঠিক ম্যাপ এডিট কিংবা একটি দরকারি ছবি বা ভিডিও অসংখ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে দিতে পারে। আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান                                     নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩ । ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন