বলিউড চলচ্চিত্রের হার্টথ্রোব টাইগার শ্রফ সরাসরি গুলিবিদ্ধ হননি, তবে তার গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং এই ঘটনায় জড়িত সন্দেহে রাজস্থানের কোটা থেকে তিন শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর ) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ হামলায় অভিনেতার শরীরে কোনো গুলি না লাগলেও বারুদ ও গাড়ির ভাঙা কাচের টুকরোয় তিনি সামান্য আঘাত পান। তবে এই ঘটনায় তার ব্যক্তিগত গাড়িচালক ফেরদৌস এবং ঘটনাস্থলে থাকা অন্য এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী ফুল সিং, বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন এবং সোনিপতের ১৮ বছর বয়সী রেহান।

রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) ও কোটা সিটি পুলিশের যৌথ দল মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্তদের দুজন সরাসরি হামলায় অংশ নেওয়া ভাড়াটে বন্দুকধারী। তৃতীয়জন হামলার পর তাদের পালাতে সহায়তা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীরা প্রশিক্ষিত ছিল এবং গুলি চালানোর আগে টাইগার শ্রফের চলাফেরার ওপর নজর রেখেছিল। অভিনেতার সাপ্তাহিক রুটিন পর্যবেক্ষণ করে হামলার সময় নির্ধারণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, টাইগার প্রতি রোববার জুহুর একটি ফুটবল মাঠে যেতেন। সেখান থেকে গাড়িতে করে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল।
গুলি চালানোর পর হামলাকারীরা ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে তারা বোরিভালির উদ্দেশে ট্রেনে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে তারা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও গিয়েছিল বলে প্রাথমিক গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে হামলাকারীদের কয়েকটি ছবি প্রকাশ্যে আসে। মুম্বাই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করার সময় প্রকাশিত একটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের একজনের মাথায় ছিল কালো টুপি।
এদিকে, টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় মুম্বাইয়ে গ্যাং-সহিংসতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রোববার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি অভিনেতার উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।
শিন্ডে বলেন, অপরাধী চক্রগুলোর শিকড় আবারও উপড়ে ফেলতে হবে। নব্বইয়ের দশকে মুম্বাইয়ে গ্যাং-সংঘাতের সময় অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ুতখন তাদের শিকড় উপড়ে ফেলা হয়েছিল। আবারও একইভাবে তাদের নির্মূল করার সময় এসেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তবে পোস্টটির সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।

থার্ডআই অনলাইন/ বিনোদন ডেস্ক