সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আদালতের রায়ের অফিশিয়াল অনুলিপি (কপি) পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। রায়ের কপি হাতে পাওয়ার পরই এই ঘটনার প্রকৃত বিবরণ জানা সম্ভব হবে এবং পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের আলোচনা হয়েছে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সৌদি আরবের আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশি কর্মীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের মনোভাব ইতিবাচক। প্রতিকূলতা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি কর্তৃপক্ষ দেশটির কারাগারে আটক ও গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় সংবলিত তালিকা নিয়মিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির নাম সরকারি তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতেও সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে-মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ( নাজেরুল ইসলাম আব্দুল বাসির ) এবং সুইটি আক্তার ( সিতি আক্তার )। তাঁদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ (ব্যভিচার) অভিযোগ আনা হয়েছিল ; যা সৌদি আইনি কাঠামোয় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। গত ১৪ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

থার্ডআই অনলাইন ডেস্ক