ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা।
আজ মঙ্গলবার ( ২০ অক্টোবর ) এই বিক্ষোভ মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী জুড়ে ৯ হাজার ৫০০-র বেশি পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর একাধিক কৌশলগত স্থানে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের ২০ অক্টোবর শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি।
সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জনমত জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর প্রতি জনসমর্থন ধারাবাহিকভাবে কমেছে। চলতি মাসে তার প্রতি সমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে, যা সর্বনিম্ন। গত বছরের নভেম্বরে তার প্রতি সমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্স জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের আয়োজনের কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল ও শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তাদের মতে, শেয়ারবাজারের পতন ও দেশটির মুদ্রা রুপিয়ার দুর্বল হয়ে পড়া জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে লেখা ছিল, জলবায়ু সংকট মোকাবেলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।
ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ হয়েছিল গত আগস্টে। ওই সময় শত শত মানুষকে আটক করা হয়। এর আগে ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।
ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতে, দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন এবং জাতীয় মুদ্রা রুপিয়ার অবমূল্যায়ন দেশের অর্থনীতির দুর্বল অবস্থাকে ফুটিয়ে তুলছে।

থার্ডআই অনলাইন/ আন্তর্জাতিক ডেস্ক