প্রত্যেক ক্যাটাগরিতে অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছর অর্থাৎ, ২০২৫ সালের এই একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট পরিসংখ্যান তার কাছে না থাকায় সেসব তথ্য তুলে ধরতে পারেননি বলে তিনি জানান।
আজ (সোমবার, ৮ জুন) সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যানে ডাকাতি, খুন, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য থাকে। দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণতায় গত বছরের এই একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমার কাছে যে পরিসংখ্যান এসেছে, তাতে দেখা গেছে ২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টে’ বিশ্বাসী , ‘ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে।’
এর আগে পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের তদন্তে দায়িত্ব পালনকারী নয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের ভাবমূর্তি নিয়ে মূল্যায়ন করবে দেশের জনগণ। তবে সরকার পুলিশকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পেরেছে বলে তারা মনে করে।’

আবার নাটক নির্মাণে অহিদুজ্জামান ডায়মন্ড














