চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থায়নের মাধ্যমে আগামী জুনের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এ সুবিধা পাবে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকারের সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক (অনার্স/ডিগ্রি) পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। জনগণ পাশে থাকলে কোনো বাধা বা ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে দল-মত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায়।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার প্রায় ৬০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের নারী সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার















