মৃত্যুর দুইদিন পর এসএসসির ফলাফলে জানা গেল শিহাব ’জিপিএ-৫’ পেয়েছে
এসএসসি শিক্ষার্থী শিহাব আহমেদ । ছবি : সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিক্ষার্থী শিহাব আহমেদ প্রকাশিত ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
জানা গেছে, পরিবারের সঙ্গে গাজীপুরে বসবাস করত সে। এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে সে জিপিএ ৫ পেয়েছে। তবে ফল প্রকাশিত হওয়ার দুদিন আগে (৮ আগস্) ঢাকা থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে এসে গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে শিহাব। এর দুইদিন পরেই সোমবার তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে দেখা যায়, শিহাব জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আরও জানা গেছে, শিহাব উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারে দুই মেয়ে ও এক ছেলের মধ্যে শিহাব ছিল বড়।
উল্লেখ্য, ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় সে। এ সময় আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। গুরুতর অবস্থায় তাকে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে শিহাবকে দাফন করা হয়।
শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমরা এখনও তার শোকের মধ্যেই আছি। ফলাফলে সে তার মেধার স্বাক্ষর রেখেছে।
এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।’

নিউইয়র্কের জ্যামাইকায় কনসার্টে গান গেয়ে অভিনেতার দর্শকের মন জয়














