দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি সমাজে বিরাজমান সব বৈষম্য দূর করে একটি শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তায় স্পিকার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য এবং বিশাল উৎসবের আবহ তৈরি হয়।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, দুর্গাপূজার মধ্য দিয়ে সমাজের সব ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে যাবে। সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হবে।
এই উৎসবকে কেন্দ্র করে সমাজে বিরাজমান যেকোনো ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে গিয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক-এটাই প্রত্যাশা।উৎসবের এই দিনগুলো আপনাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত প্রেরণা এবং আগামী দিনগুলোকে করে তুলুক আরও বেশি সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর।
সৌহার্দ্য সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে উঠুক আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।
উৎসবের দিনগুলো সবার জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং শারদীয় দুর্গোৎসবের অনাবিল আনন্দ যেন সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এই কামনা করে তিনি উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি


















