সাজেকে আটকেপড়া পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন
সাজেক খাগড়াছড়ি। ছবি : সংগৃহীত
সাজেকে আটকেপড়া প্রায় তিন হাজার পর্যটক সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার মধ্যে পর্যটকদের বহনকারী দেড় শতাধিক যানবাহনের গাড়িবহরটি খাগড়াছড়িতে এসে পৌঁছায়। আঞ্চলিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে এই পর্যটকরা সাজেক ভ্যালিতে আটকা পড়েছিলেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ৯টার দিকে তারা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে অবরোধের মুখে পড়লেও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গন্তব্যে পৌঁছান তারা।
পর্যটকরা জানান, সাজেকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধের কারণে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। ফেরার পথে কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। তবে এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাজেকে ২ হাজার ৬০০ জনের বেশি পর্যটক অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে আটকেপড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহযোগিতা করে।

সুস্থ্য হয়ে উঠছেন ইলিয়াস কাঞ্চন, নিতে হচ্ছে না কেমোথেরাপি


















