শিরোনাম:

আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ (৮ মার্চ) বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও এবং ব্যাংক ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে। এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হচ্ছে।

এছাড়া অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সব তফসিলি ব্যাংকও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। পাশাপাশি, এ বছর বিশ্বব্যাপী নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় ‘গিভ টু গেইন’ প্রচারাভিযান চালানো হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মহিলা অধিদপ্তর।

জাতীয় প্রেসক্লাব বেলা ১১টায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। এবার সাংবাদিক মমতাজ বানুকে সম্মাননা প্রদান করা হবে। অন্যদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সকাল ১০টায় শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। তবে পবিত্র রমজানের কারণে তাদের অবশিষ্ট অনুষ্ঠান ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, কর্মঘণ্টা ও অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রামের মধ্য দিয়ে এই দিবসের বীজ রোপিত হয়। পরবর্তীতে ১৯০৯ সালে নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন এবং ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের আগে থেকেই দিবসটি পালিত হতে শুরু করে। পরবর্তীতে ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে নারী দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক নারী দিবস আজ

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৬ জন। আজ (সোমবার, ৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে তুলনামূলকভাবে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল

আন্তর্জাতিক নারী দিবস আজ

১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে এদিন ২৯৩টি আসনে (অনিয়মের অভিযোগে ফলতা আসনে ভোটগ্রহণ আগামী ২১ মে) গণনা হয়। সরকার গড়তে দরকার ১৪৭টি আসন। এর মধ্যে স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত ২০৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৮১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) একটি আসনে, ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি) একটি আসনে ও কংগ্রেস দু’টি আসনে এগিয়ে রয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার এই ২৯৩ আসনের গণনা শুরু হয়। এর জন্য গোটা রাজ্যে ৭৭টি গণনাকেন্দ্র খোলা হয়েছিল।

পশ্চিমবঙ্গের মোট ২৯৪ আসনে ভোট হয়েছে দুই দফায়। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট নেয়া হয়। দ্বিতীয় দফার ভোট শেষেই বিভিন্ন বুথ ফেরত সংস্থার জরিপেও বিজেপির সরকারে আসার ইঙ্গিত মিলেছিল। আর ফের একবার সেই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে গেল আসল ফলাফল।

এদিন ভোটের ফলাফল সামনে আসতেই কলকাতা থেকে জেলা সর্বত্র বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিজয় উল্লাসে মেতে ওঠে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।

পাশাপাশি সিঙ্গুরে ঝাল-মুড়ি বানিয়ে, ভাগ করে খেলেন বিজেপি কর্মীরা। দেড় দশক আগে হুগলির সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল তৃণমূলের। সেই সিঙ্গুরেই তৃণমূল দুর্গের পতন ঘটিয়ে উত্থান হল বিজেপির। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে পিছনে ফেলে বিজেপির প্রার্থী অরূপ কুমার দাস এগোতেই আনন্দে ঝাল মুড়ি বানিয়ে, ভাগ করে খেলেন বিজেপি কর্মীরা।

আবার বুলডোজার নিয়ে অভিনবভাবে জয়ের আনন্দে মাতলেন মালদহের বিজেপি কর্মী সমর্থকরা। সেই সঙ্গে একাধিক ডিজে বাজনা এবং চলছে আবির খেলা। এমনকি দলটির রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলাকেও উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। দলের কর্মী সমর্থকরা তাকে মিষ্টিমুখ করান। এরপর বাজনার তালে তালে নৃত্য করতে দেখা যায় সাবেক এই কূটনীতিকে।

এবারে নির্বাচনে সবচেয়ে আলোচিত আসন ভবানীপুর। এই আসনে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি, তার প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ১৭ রাউন্ড গণনার শেষে ২,৯৫৬ ভোট এগিয়ে আছেন শুভেন্দু।

এরইমধ্যেই নন্দীগ্রাম আসন থেকে জয়ী হয়েছেন শুভেন্দু। তিনি হারিয়েছেন তৃণমূলের প্রার্থী পবিত্র কর’কে। ২০২৬ সালের নির্বাচনে এই দুইটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু।

এদিকে বিজেপির এগিয়ে থাকার খবর আসতেই বেশ কিছু জায়গায় তৃণমূলের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রে নোয়াপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে ছুটে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিক্ষোভকারীদের হাত থেকে তৃণাঙ্কুরকে উদ্ধার করে জওয়ানরা। আবার এই গণনা কেন্দ্রেই বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

এর পাশাপাশি এই গণনা কেন্দ্রে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী ও সিনেমা পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে চোর চোর স্লোগান দেখা যায়। বর্ধমানের এমবিসি গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা ছড়ায়। বিজেপি এগিয়ে যেতেই অতি উৎসাহীদের তাণ্ডব, ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থীর এজেন্টকে মারতে মারতে গণনা কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

কোথাও আবার তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ফলাফল ঘোষণার আগেই কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা ভেঙে দেয় বিজেপির কর্মী ও সর্মথকরা। পরে তৃণমূলের প্রতীকে গেরুয়া রঙ লাগিয়ে সেই কার্যালয়ের দখল নেয় তারা। পশ্চিম বর্ধমানের জামুরিয়া এবং বারাবনিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটানো হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির জয়ের খবর আসার পরে এদিন দুপুরে আচমকাই রাজ্যের সচিবালয় নবান্নের কাছে পৌঁছে যান বিজেপির মহিলা কর্মীরা। মুখে আবির মাখা অবস্থায়, হাতে দলীয় পতাকা নিয়ে নবান্নের সামনে তারা স্লোগান দিতে থাকেন। কিছুসময় সেখানে থাকার পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। যদিও তার আগে নবান্নের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

সূত্র খবর, নবান্ন থেকে কোনরকম গুরুত্বপূর্ণ নথি যাতে বাইরে বেরিয়ে না যায় সেই কারণে সেখানে উপস্থিত কর্মীদের প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেয়া হচ্ছে।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবস আজ

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।

বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।

বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×