২২ বছর পর শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে নদীবিধৌত জেলা চাঁদপুরে এখন সাজ সাজ রব এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরটি সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন কর্মসূচির স্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন। পুরো শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও বইছে বইছে আনন্দের জোয়ার। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলের পক্ষ থেকে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ। নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও এই সফর নিয়ে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অগ্রাধিকারভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন। এর মধ্যে অন্যতম হলো নদী ও খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ। এছাড়া তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এই সফর থেকে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানীয় উন্নয়ন প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশের প্রতিটি নাগরিককে মাথায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী


















