জামায়াত আমিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকটি । এ সময় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত বিভিন্ন অধ্যাদেশের সম্ভাব্য পরিণতি, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান এবং সুইডেনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।
এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত








