পাল্টাপাল্টি হামলা : ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
পারস্য উপসাগরে সাম্প্রতিক চরম উত্তেজনা ও ধারাবাহিক সামরিক সংঘাতের পর অবশেষে যুদ্ধাবস্থা স্থগিত করতে এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ মেটাতে পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল রোববার (২৮ জুন) একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর ফলে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ঘটে যাওয়া দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর হুমকির মুখে পড়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি পুনরুজ্জীবিত করার নতুন আশা দেখা দিয়েছে।
ইরানের ওপর আত্মরক্ষামূলক হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এছাড়া উপসাগরীয় দেশ ও জাহাজগুলোর দিকে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ভূপাতিত করার খবর জানিয়েছে তারা।
ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে তাদের চালানো হামলা ছিল মূলত মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি জানিয়েছে, তারা ওই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরানের পাঠানো তিনটি আক্রমণাত্মক ড্রোনও মার্কিন সামরিক বাহিনী ভূপাতিত করেছে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


















